দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের ৭৩০টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাডের মধ্যে ১৪৭টিকে মাইনর এবং ২৭টিকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া মেট্রোরেলের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য জানতে চান, স্বাধীন অডিট কমিটির প্রতিবেদনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের বেয়ারিং প্যাডের ২৩ দশমিক ২৮ শতাংশ বা ৭৩০টি ত্রুটিপূর্ণ এবং ৪৬টি পিয়ারে ফাটল পাওয়া গেছে কি না। এসব সমস্যা সমাধান এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তাও জানতে চান তিনি।
জবাবে মন্ত্রী বলেন, মেট্রোরেলের ঝুঁকি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। ২৯৭টি বেয়ারিং প্যাডের ক্ষেত্রে ত্রুটির মূল কারণ স্থাপনের কাজের মানসংক্রান্ত। স্বাধীন সেফটি অডিট কমিটির প্রতিবেদনে ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল চিহ্নিত হওয়ার কথা বলা হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, অডিট কমিটির প্রতিবেদনে উল্লেখ করা ৭৩০টি বেয়ারিং প্যাডের সবগুলো ক্রিটিক্যাল নয়। সুপারিশগুলো কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গত ১৬ জুলাই ‘সেফটি অডিট রিপোর্টের সুপারিশ বাস্তবায়ন কমিটি’ গঠন করেছে। কমিটি সেফটি অডিটের তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নে কাজ শুরু করেছে।
মন্ত্রী জানান, বেয়ারিং প্যাড স্থানচ্যুতির আশঙ্কা রয়েছে—এমন ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। ২৭টি স্থানে বেয়ারিং প্যাডের বসে যাওয়া পরিমাপের জন্য ‘সেটেলমেন্ট মার্কার’ বসানো হয়েছে। পাশাপাশি ২৭টি বেয়ারিং প্যাড প্রতিস্থাপনের কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব প্যাড প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া স্থাপনার কাঠামোগত ফাটল পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানো হচ্ছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এসব গেজ স্থাপনের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এমএম/